সহকারী শিক্ষকদের পদনাম ও অগ্রিম বেতন বৃদ্ধি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

ঢাকা, ২৯ জানুয়ারি – শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও শিক্ষিকা পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর ডিগ্রির জন্য অগ্রিম বর্ধিত বেতনসুবিধা প্রদানের নির্দেশ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী সহকারী শিক্ষকরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ এর সংশ্লিষ্ট বিধি মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে যে চাকরি ও বেতন ভাতার আদেশ ২০১৫ এর ১২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত তদানিন্তন এডুকেশন ডিপার্টমেন্ট মেমোরেন্ডামের তফসিলে সহকারী শিক্ষক ও শিক্ষিকা পদনামটি অন্তর্ভুক্ত করা হলো। একইসঙ্গে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বেতন বৃদ্ধির বিষয়টিও সংযোজন করা হয়েছে। সরকারি এই নির্দেশনাটি ২০১৫ সালের ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬









