আইন-আদালত

সাবেক এমপি ইলিয়াসের স্ত্রীর ৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ঢাকা, ২৭ জানুয়ারি – দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লাহর স্ত্রী ফরিদা ইয়াসমিনের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এই তিনটি হিসাবের মধ্যে মোট ৯৭ লাখ ৭ হাজার টাকা জমা রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফায়েজ এই আদেশ দেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, ফরিদা ইয়াসমিন ও তার স্বামী ইলিয়াস উদ্দীন মোল্লাহ পরস্পরের যোগসাজশে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ২ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৬৫০ টাকার সম্পদ অর্জন করেছেন।

এর পাশাপাশি ফরিদা ইয়াসমিনের নামে থাকা চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৮ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৯৩৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদক এই অর্থ হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তরের অভিযোগে ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

আবেদনে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তি যেন তার অস্থাবর সম্পদ হস্তান্তর বা লুকিয়ে রাখতে না পারেন, এজন্য ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি।

এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language