যারা নির্বাচন বানচাল করতে চায়, জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রতিহত করবে

চট্টগ্রাম, ২৪ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণসংযোগ চালাচ্ছেন। তিনি বলেছেন, শেষ পর্যন্ত ভোট ইঞ্জিনিয়ারিং টিকে থাকে না। অতীতে এর প্রভাব সবাই দেখেছে। মিথ্যা প্রচারণা বা কারসাজির মাধ্যমে কেউ এগোতে পারবে না। যারা নির্বাচন বানচাল করতে চায়, জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রতিহত করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে তিনি চট্টগ্রামের পতেঙ্গা এলাকার ৪১ নম্বর ওয়ার্ডের চরবস্তি, বিজয়নগর, ফুলছড়ি পাড়া, নিজাম মার্কেট, দক্ষিণপাড়া ও আশপাশের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মী, সাধারণ মানুষ, নারী ও তরুণদের উপস্থিতিতে এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হয়।
গণসংযোগকালে আমীর খসরু বলেন, জনগণ আজ উৎফুল্ল ও আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, তাদের সরকার নির্বাচনের অধিকার ফিরিয়ে দিয়েছে। নির্বাচিত সরকার হলে জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
তিনি বলেন, সবচেয়ে বড় আনন্দ হলো বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। জনগণ আবার দেশের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে, স্কুল-কলেজ, হাসপাতালসহ সব জায়গায় যেতে পারবে এবং নিরাপদ জীবনযাপন করতে পারবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, সেই সময় মানুষ চরম কষ্টের মধ্যে ছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার মানকে বিপর্যস্ত করেছিল, নাগরিক নিরাপত্তা ছিল না। মানুষ আশা করছে, নির্বাচিত সরকার এলে আবার স্বাভাবিক জীবন, নাগরিক অধিকার ও নিরাপত্তা ফিরে পাবে। এজন্যই জনগণের মধ্যে আজ ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
পোস্টাল ভোট নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ওপর আস্থা হারিয়ে ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করলে দেশের ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে না। সবাইকে জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে। ভোট ইঞ্জিনিয়ারিং করে কখনো গণতন্ত্র টেকসই হয় না।
আমীর খসরু আরও বলেন, গণতন্ত্রের এই সময়ের সংকটে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে, যেমনটি ছিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়। এবারও তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. নূরুল আফসার, মো. ইসমাইল, আব্দুস সাত্তার, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন ও সদস্য সচিব মো. আজম প্রমুখ।
এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬









