প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠিত

ঢাকা, ২৭ জুলাই – দেশের তৃণমূল পর্যায়ের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকাল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর আগমন বার্তায় স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হাজারো শিশু কিশোর ব্যাপক করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের ফুটবলের দুটি ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের দুটি চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে বিকাল ৩টায় অনুষ্ঠিত বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেট অঞ্চল। পরবর্তীতে বালিকা বিভাগের ফুটবল ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর অঞ্চল। প্রতিযোগিতার সমাপ্তিলগ্নে প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী ভিআইপি গ্যালারি ও মাঠের পাশে বসে তরুণ ক্রীড়াবিদদের নৈপুণ্য উপভোগ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়মিত খেলাধুলায় আগ্রহী করতে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই আয়োজনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে পরিচালিত এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্বে জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ অংশগ্রহণ করে।
ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্টসহ মোট ৮টি ডিসিপ্লিনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ধাপ অতিক্রম করে সেরারা জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে লড়াইয়ের সুযোগ পেয়েছে। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এস এম/ ২৭ জুলাই ২০২৬









