পদ্মা সেতুর টোল আয় ছাড়াল ৩ হাজার কোটি টাকা

ঢাকা, ২১ জানুয়ারি – বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকার উচ্চতায় পৌঁছেছে। এটি শুধু একটি সেতু নয়, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি অবকাঠামো।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতকারী এই সেতুর মাধ্যমে যানবাহন পারাপার এবং টোল আদায় ধারাবাহিকভাবে বেড়েছে।
সেতু চালুর ফলে যাতায়াতের সময় বাঁচার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে এবং দেশের জিডিপি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও শিল্পজাত পণ্য পরিবহনে এটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের দিকনির্দেশনায় এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের তত্ত্বাবধানে এ অর্জন সম্ভব হয়েছে।
পদ্মা সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) স্থাপিত অত্যাধুনিক ইটিসি পদ্ধতি টোল আদায়কে দ্রুত করেছে। এতে যানবাহন টোল প্লাজায় দীর্ঘসময় অপেক্ষা করতে হয়নি। এছাড়া রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হওয়ায় যাতায়াত আরও দ্রুত ও সহজ হয়েছে। জনগণের সহযোগিতা এবং ডিজিটাল টোল সিস্টেমের আধুনিকীকরণে এ সাফল্য দ্রুত অর্জিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মাইলফলক অর্জনে গাড়ির মালিক, চালক, শ্রমিক, সেতুর দুই পাড়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কর্মী, সাইট অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সব সংশ্লিষ্টকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









