আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

ঢাকা, ২১ জানুয়ারি – ঢাকায় বায়ুদূষণের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকা বায়ুদূষণে শীর্ষে রয়েছে এবং বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ঢাকার বায়ুর মান ২৯৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। তবে নগরীর চারটি স্থানে পরিস্থিতি ‘দুর্যোগপূর্ণ’, যা বায়ুদূষণের সর্বোচ্চ স্তর।
এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তারা নিয়মিত শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে এবং লাইভ সূচকের মাধ্যমে মানুষকে বাতাস কতটা দূষিত বা নির্মল তা জানায়। পাশাপাশি দূষণের এ অবস্থা থেকে রক্ষা পেতে কিছু পরামর্শও প্রদান করে। আজ ঢাকার বায়ুদূষণ মাত্রার তুলনায় প্রথম স্থানে আছে পাকিস্তানের লাহোর, যেখানে মান ৩২৬।
ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ নেই; বরং দিন দিন তা বাড়ছে। গত ডিসেম্বর মাস থেকে চলতি জানুয়ারি মাসেও ঢাকার অবস্থান বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে প্রায় প্রতিদিনই রয়েছে। বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০০-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য হয়।
দেশের অন্যান্য এলাকায়ও বায়ুদূষণ বাড়ছে, অনেক ক্ষেত্রে ঢাকার বাইরের শহরগুলোর বায়ুদূষণের মাত্রা ঢাকার চেয়ে বেশি থাকে। তবে দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণের কার্যক্রম মূলত ঢাকাকেন্দ্রিক এবং এ কার্যক্রমের তেমন কোনো ফল নেই।
আজ সকালে ঢাকার চারটি স্থানে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ রেকর্ড করা হয়েছে। স্থানগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৫১৯), দক্ষিণ পল্লবী (৩৯৪), ধানমন্ডি (৩৮৮) এবং মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৮৪)।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









