জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন এনসিপির প্রতিনিধি দল

ঢাকা, ১৯ জানুয়ারি – প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও উপস্থিত ছিলেন।

এনসিপি নেতৃবৃন্দ বৈঠকে নির্বাচন সংক্রান্ত পর্যবেক্ষণ এবং বিভিন্ন উদ্বেগ তুলে ধরেন। তারা জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন সম্পর্কিত কোনো অভিযোগ বা পরামর্শ তিনি তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকারের পক্ষ থেকে যা করা সম্ভব, তা করা হবে এবং কেউ আইন অমান্য করতে পারবে না। তিনি বলেন, নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে এবং কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। তিনি আরও বলেন, “এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। সুষ্ঠু হতে হবে।”

ড. ইউনূস জানান, অধিকাংশ ভোটকেন্দ্র জানুয়ারির মধ্যেই সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে এবং কন্ট্রোল রুম থেকে সব মনিটর করা হবে।

তিনি উল্লেখ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবে প্রচারণা করছে। জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন এবং ‘হ্যাঁ’ ভোট দিলে কী হবে। এ বিষয়ে সকল রাজনৈতিক দলকেও আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন যাতে সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হয়, তা সকলের দায়িত্ব—সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলসহ সকলের। তিনি সকল রাজনৈতিক দলের সহযোগিতাও কামনা করেছেন।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language