ক্রিকেট

বাংলাদেশের দাবি না মানলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের!

ইসলামাবাদ, ১৮ জানুায়রি – টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। এই সংকটের সমাধান খুঁজতে ঢাকায় অবস্থান করছে আইসিসির একটি প্রতিনিধি দল। এর মধ্যেই নতুন ঘোষণা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (১৮ জানুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার পক্ষে বিসিবি যে কারণগুলো তুলে ধরেছে, সেগুলোকে বৈধ বলেই মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে আইসিসি কোনো সমাধান দিতে ব্যর্থ হলে তারা বাংলাদেশের পক্ষেই অবস্থান নেবে।

এমনকি প্রয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নতুন করে ভাববে বলেও জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে, সে বিষয়েও নজর রাখবে ইসলামাবাদ।

পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের যুক্তিগুলো যথেষ্ট গ্রহণযোগ্য এবং এ ক্ষেত্রে কাউকে জোর করার সুযোগ নেই। তারা জানিয়েছে, বাংলাদেশকে তারা সম্পূর্ণভাবে সমর্থন করে এবং বাংলাদেশের সমস্যা সমাধান না হলে নিজেদের অংশগ্রহণও পুনর্বিবেচনা করবে।

উল্লেখ্য, নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে রাজি নয় বাংলাদেশ। এ কারণে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। তবে এখন পর্যন্ত আইসিসির কাছ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত অনুমোদন মেলেনি।

এর বিপরীতে, বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে রাজি করাতে আইসিসির চেষ্টা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে শনিবার বাংলাদেশে প্রতিনিধি দলও পাঠানো হয়। তবে তাতেও বিসিবি কর্মকর্তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language