গাজায় আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেয়ার আগ্রহকে বিপজ্জনক বললেন ফরহাদ মজহার

ঢাকা, ১৭ জানুয়ারি – ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, এটি একটি ঝুঁকিপূর্ণ বিষয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থি তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ফরহাদ মজহার ওই সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশনায় গাজা ব্যবস্থাপনার জন্য একটি আন্তর্জাতিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব এসেছে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে এ বিষয়ে কথা বলেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে এসেছেন। ফরহাদ মজহার বলেন, এই বিষয়টি বিপজ্জনক।
তিনি আরও বলেন, বাংলাদেশে ৫ আগস্টের পর যে পরিবর্তন ঘটেছে, তা মূলত সাম্রাজ্যবাদের স্বার্থে হয়েছে এবং এই পরিবর্তন পুরো উপমহাদেশের জন্য ইতিবাচক নয়—এ বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।
এনপিএ গঠনে যুক্ত তরুণদের উদ্দেশে তিনি বলেন, বিনয়ের সঙ্গে তিনি একটি কথা বলতে চান—ভূরাজনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক বাস্তবতা মাথায় রাখতে হবে। তিনি বলেন, এই লড়াই শুধু দেশের ভেতরের নয়, এটি আন্তর্জাতিক লড়াই। আন্তর্জাতিক পর্যায়ে লড়াইয়ে জিততে হলে একটি বিষয় পরিষ্কারভাবে বলতে হবে যে আমরা এখনো বাংলাদেশকে গড়ে তুলতে পারিনি।
তরুণদের যেকোনো উদ্যোগের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে ফরহাদ মজহার বলেন, আমরা প্রায়ই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ অবশ্যই আছে, তবে এটি ভারতীয় জনগণের আধিপত্য নয়, বরং দিল্লিকেন্দ্রিক আধিপত্য। তিনি আরও বলেন, ভারতের সাধারণ জনগণের মধ্যেও একটি বড় অংশ রয়েছে যারা গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে যুক্ত এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাবের বিরোধিতা করে।
এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬









