পবিত্র শবে মেরাজ আজ

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের খুবই গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি ও প্রার্থনার মাধ্যমে পালন করবেন।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ নির্দেশে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনা এবং এরপর ঊর্ধ্বাকাশে ভ্রমণের সৌভাগ্য অর্জন করেন। এই ঐতিহাসিক ঘটনাটিই ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত। এ সময় মহানবী (সা.) আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।
ইতিহাস থেকে জানা যায়, এই বরকতময় রাতে মহানবী (সা.) ‘বুরাক’ নামের বিশেষ বাহনে চড়ে সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুর, বেহেশতের নদীসহ জান্নাত ও ফেরেশতাদের নানা নিদর্শন পরিদর্শন করেন।
পবিত্র শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত। এ উপলক্ষে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।
এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬









