জাতীয়

আপিল শুনানির পঞ্চম দিনে ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা, ১৪ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল শুনানির পঞ্চম দিনে ৭৩ জন প্রার্থী স্বস্তি পেয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০০টি আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাংবাদিকদের জানান, আজ ২১১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ১০টি আবেদনের সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৭৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিপরীতে ৮১টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ২৩টি আপিল এখনো পেন্ডিং রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি শুরু হওয়া আপিল নিষ্পত্তির কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language