জাতীয়

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা

ঢাকা, ১২ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশন ৭০ জন প্রার্থীর আপিল শুনানি করে, যার মধ্যে ৪০ জনের আপিল মঞ্জুর করা হয়েছে। এ ছাড়া আগের দিন রোববারের (১১ জানুয়ারি) একটি আপিলও এদিন মঞ্জুর করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম বেজমেন্ট-২-এ এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন কারণে ২৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে একজন শুনানিতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি চারজনের আপিল পেন্ডিং রাখা হয়েছে এবং একজনের আপিল শোনা হয়নি।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি হয়েছে। আর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সূচি রাখা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language