নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নিজেই

ঢাকা, ১১ জানুয়ারি – আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কী করবেন—এ নিয়ে জনমনে নানা কৌতূহল থাকলেও এবার নিজেই তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিনী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে ড. ইউনূস নির্বাচন-পরবর্তী সময়ের পরিকল্পনা তুলে ধরেন।
আকিয়ে আবে তার কাছে ক্ষমতা হস্তান্তরের পর তিনি কী ধরনের কাজে যুক্ত থাকবেন—সে প্রশ্ন করলে ড. ইউনূস জানান, মূলত তিনটি বিষয়ে তিনি ভবিষ্যতে মনোযোগ দেবেন।
প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন—সে ব্যবস্থা গড়ে তোলার কথা জানান তিনি।
দ্বিতীয়ত, তিনি তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত রাখবেন বলে জানান।
তৃতীয়ত, ‘থ্রি জিরো’ ধারণা—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—নিয়ে যে কাজ তিনি করে আসছেন, সেটিও চালিয়ে যাওয়ার কথা বলেন ড. ইউনূস।
উপ-প্রেস সচিব আরও জানান, বৈঠকে ড. ইউনূস ও জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের স্মৃতিচারণ করা হয়। আততায়ীর গুলিতে নিহত শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল বলে উল্লেখ করা হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচন শেষে আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফর করবেন। ওশিয়ান রিসার্চ নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের একটি কনফারেন্সে অংশ নিয়ে তিনি বাংলাদেশের সঙ্গে এ খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
এনএন/ ১১ জানুয়ারি ২০২৬









