বিইআরসির সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

ঢাকা, ০৮ জানুয়ারি – সারাদেশে এলপিজি বিপণন ও সরবরাহ বন্ধ রাখার যে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করা হয়েছিল, তা প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এলপিজি অপারেটরদের কাছ থেকে একটি সিলিন্ডার কিনতেই তাদের ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। সে কারণে ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
বৈঠকে ব্যবসায়ীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— সারাদেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়ানো এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বৈঠকে ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন এবং চার্জ বাড়ানোর বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেখবেন।
তিনি আরও জানান, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে, জাহাজ সংকট থাকলেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।
তবে বিইআরসি চেয়ারম্যান বলেন, জানুয়ারি মাসের জন্য নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে এলপিজি বিক্রির কোনো যৌক্তিক কারণ তিনি দেখছেন না।
এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬









