নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু হচ্ছে ১৪ জানুয়ারি

ঢাকা, ০৭ জানুয়ারি – বেসরকারি স্কুল ও কলেজের জন্য এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৪ জানুয়ারি থেকে। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫’ অনুযায়ী ২০২৫–২৬ অর্থবছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বুধবার (৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হবে ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। এ ক্ষেত্রে সরাসরি, ই-মেইল বা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ([www.shed.gov.bd](http://www.shed.gov.bd)), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ([www.dshe.gov.bd](http://www.dshe.gov.bd)) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো—ব্যানবেইস ([www.banbeis.gov.bd)-এর](http://www.banbeis.gov.bd%29-এর) ওয়েবসাইটে প্রবেশ করে ‘Online MPO Application’ শিরোনামের লিংকের মাধ্যমে নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। নীতিমালা–২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সরকার সংরক্ষণ করবে।
এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬









