রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতকে হুমকি দিলেন ট্রাম্প

ওয়াশিংটন, ০৬ জানুয়ারি – রাশিয়া থেকে তেল আমদানির কারণে বেশ কিছুদিন ধরেই ভারতকে হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এ ইস্যুতে ভারতকে নতুন করে সতর্ক করলেন তিনি। ট্রাম্পের মতে, রাশিয়ার তেল আমদানি প্রসঙ্গে তাকে সন্তুষ্ট রাখা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি একজন খুব ভালো মানুষ। তিনি জানতেন যে আমি সন্তুষ্ট নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। তারা বাণিজ্য করে, আর আমরা চাইলে খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।
ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলার পর তেলের বিষয়টি আবারও ভূ-রাজনীতির আলোচনার কেন্দ্রে এসেছে। ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ রয়েছে, যার পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেলেরও বেশি। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল মজুদ।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে টেলিফোনে কথা হয়েছে। চলমান শুল্ক-সংক্রান্ত উত্তেজনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি বজায় রাখার গুরুত্বের ওপর উভয় নেতা গুরুত্বারোপ করেন।
মোদির সঙ্গে ওই ফোনালাপের মাত্র কয়েক দিন আগেই ট্রাম্প ভারতীয় চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেন। হোয়াইট হাউসে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে একজন মার্কিন কৃষক প্রতিনিধির অভিযোগ উত্থাপনের পর এই সতর্কবার্তা দেন তিনি।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬









