রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

রাজশাহী, ০৬ জানুয়ারি – রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার তেমন ঘনত্ব না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় শীতের দাপট বেড়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল মাত্র সাড়ে ৮ ডিগ্রি। তাপমাত্রার এই কম ব্যবধানের পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে। ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয়ের সময় থাকলেও সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
কনকনে শীতের কারণে শহর ও গ্রাম— সর্বত্রই জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। ফলে ঠান্ডা বাতাসে শরীরে তীব্র শীতের শিহরণ ছড়িয়ে পড়ছে।
শীতের কষ্টে সবচেয়ে বেশি ভুগছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, সকালে ও বিকেলে ঠান্ডায় হাত জমে যায়। কিন্তু কাজ না করলে সংসার চলে না। এখনো মাঘ মাস আসেনি, তবুও এমন শীত পড়ছে যে রাস্তায় টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। বাতাসে আর্দ্রতা ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কমে গেছে।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬









