প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না

ঢাকা, ০৫ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না এবং আগামী ২১ জানুয়ারির আগ পর্যন্ত প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো বার্তায় বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর নির্বাচন আচরণ বিধিমালা মেনে প্রচারণা চালানোর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
বার্তায় আরও বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬









