রাঙামাটিতে তরুণীকে বাসায় আটকে রেখে ধর্ষণ, হোটেল মালিক গ্রেপ্তার

রাঙামাটি, ০১ নভেম্বর – রাঙ্গামাটিতে চাকরি দেওয়ার নাম করে নিজ বাসায় ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সালাউদ্দিন রাঙ্গামাটি শহরের কসমস আবাসিক হোটেল ও মায়ের দোয়া নার্সারির মালিক।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, সালাউদ্দিন বৃহস্পতিবার সকালে তাকে চাকরি দেওয়ার নাম করে নিজ বাসায় ডেকে নিয়ে বিকেল ৫টা পর্যন্ত একটি কক্ষে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে সেখান থেকে মুক্ত হলে সন্ধ্যায় কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে ভুক্তভোগী তরুণীকে ডেকে নিয়ে নিজ ঘরের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সরাসরি থানায় হাজির হয়ে তার বিরুদ্ধে লিখিতভাবে এ অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ নভেম্বর ২০২৫









