চট্টগ্রাম

বাবার ছুরিকাঘাতে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র পুত্র

চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর – চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে তোলার জেরে সৌদিপ্রবাসী বাবার হাতে মোহাম্মদ শাহেদ (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ও মায়নী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের নুরুজ্জামানের ছেলে।

নিহত শাহেদের মা কামরুজ্জাহান বলেন, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে আমার সংসার ছিল। শাহেদের বাবা সৌদিপ্রবাসী। কিছুদিন আগে তিনি বাড়িতে এসেছেন। ১৫ বছর ধরে তিনি আমাদের মানসিক নির্যাতন করেছেন। মঙ্গলবার তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে এনেছেন।

এর জেরে আমাদের সঙ্গে ঝগড়া-বিবাদ চলছিল। বিকেল চারটায় আমরা মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছি। এরপর সন্ধ্যা সাতটার দিকে ছেলের সঙ্গে বাবার কথা-কাটাকাটির সময় এ ঘটনা ঘটে। এ সময় তার (বাবা) হাতে থাকা ছুরি দিয়ে আমার ছেলের বুকে সজোর আঘাত করলে ঘটনাস্থলেই ছেলেটা লুটিয়ে পড়ে। আমার ছেলের হত্যার বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আর্য রাজ দত্ত বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বুকের ডান পাশে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মনে হচ্ছে, মৃত্যু হয় অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে। লাশ পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ একটি দল গঠন করে বাবাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language