শিক্ষা

শিক্ষাজীবনকে তোমরা ব্রত হিসেবে গ্রহণ করো

ঢাকা, ০৭ সেপ্টেম্বর – শিক্ষাজীবনে ঠিকমতো পড়াশোনা করলে এবং নীতি- নৈতিকতা শিখলে জীবন সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবনকে তোমরা ব্রত হিসেবে গ্রহণ করো। তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো, সঙ্গে নীতি-নৈতিকতা আত্মস্থ করো, তাহলে পরবর্তী জীবন অনেক সহজ হবে। ছাত্রজীবনে যত বেশি নিজেকে গড়ে তুলবে, বাকি জীবন ততই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) পুরান ঢাকার সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘চতুর্থ জাতীয় ইকো কার্নিভ্যাল, ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা এমন একসময় পৃথিবীতে রয়েছি, যখন নানা রকমের সমস্যায় পৃথিবী জর্জরিত। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব অল্প সময়ে আমরা অনেক অগ্রসর হয়েছি। ঠিক এমন একসময় আমাদের ভোগবাদিতা এমন পর্যায়ে চলে গেছে যে, আমাদের প্রকৃতির ভারসাম্য আর থাকছে না। এ ভারসাম্যহীনতার কারণে পৃথিবী বড় রকমের বিপর্যয়ের দিকে যাচ্ছে। এ অবস্থা আমাদের পরবর্তী প্রজন্মের জীবনযাত্রায় গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। এ বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার প্রয়াসই হলো আমাদের আজকের এ আয়োজন।

সি আর আবরার বলেন, স্কুল শুধু জ্ঞানার্জনের প্রতিষ্ঠান নয়, এটি নীতি-নৈতিকতার শিক্ষারও একটি কেন্দ্র। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা, সহমর্মিতা, মানবতা ও সহিষ্ণুতার দিকেও তোমাদের সচেতন হতে হবে।

এবারের কার্নিভালের প্রতিপাদ্য ছিল ‘All Eyes on Earth’। গ্রেগরিয়ান ইকোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী এ কার্নিভালের ছিল শেষদিন। দুই দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৭ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language