গাজীপুর

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর, ০৪ সেপ্টেম্বর – গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চান্দনা চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পৌনে ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ভোগরা মর্ডাণ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন জানান, খবর পাওয়ার পরই একে একে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগুন পুরোপুরি না নিভে গেলেও নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৪ সেপ্টেম্বর ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language