নেত্রকোনা

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নেত্রকোণায় এক ভারতীয় নাগরিক আটক

নেত্রকোণা, ১১ জুলাই – নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মহিদুল মণ্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দুপুরে অনুপ্রবেশ মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মহিদুল মণ্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের সুরত মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় মহিদুল মণ্ডলকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদে মহিদুল নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন এবং তিনি উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে স্বীকার করেন।

মহিদুল জানান, গত ১৫-১৬ দিন আগে ভারতে থাকা কিছু বাংলাদেশির সঙ্গে কাজের আশায় তিনি অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন।

স্থানীয় লোকজন অনুপ্রবেশের বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অনুপ্রবেশ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আসামিকে কোর্টে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language