জাতীয়

২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা

ঢাকা, ০২ জুন – ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার শুরু হয়।

বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সঙ্গে প্রচার করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য অর্থ উপদেষ্টা ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিতে পারেন। এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে। এনবিআরবহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ১৯ হাজার কোটি টাকা। এছাড়া করবহির্ভূত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৪৬ হাজার কোটি টাকা।

নতুন অর্থবছরের বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা। এডিপির আকার ধরা হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এছাড়া বাজেটের ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে এক লাখ ২১ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হতে পারে। পাশাপাশি বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে এক লাখ ৫ হাজার কোটি টাকা।

আগামী অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) ধরা হতে পারে ৫ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার আশার কথা বলতে পারেন অর্থ উপদেষ্টা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language