রংপুরে দিন দুপুরে স্বর্ণের দোকান থেকে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ চুরি

রংপুর, ১৪ মে – রংপুর নগরীর বেতপট্টি এলাকা থেকে দিন-দুপুরে লক্ষ্মী জুয়েলার্স নামের স্বর্ণের দোকান থেকে স্বর্ণের বক্স চুরির ঘটনা ঘটেছে। দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে প্রায় একশর অধিক ভরি স্বর্ণ নিয়ে যায় তারা। যার বাজার মূল্যে দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
বুধবার (১৪ মে) দুপুরের দিকে এই স্বর্ণ চুরির ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
দোকানের কর্মচারী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুইজন এবং তিনজন করে দুটি গ্রুপে পাঁচজন নারী ওই দোকানে প্রবেশ করেন। প্রবেশ করার পর গহনা দেখার নামে তারা সময়ক্ষেপণ করতে থাকেন এবং কর্মচারীদের নানা রকমভাবে ব্যস্ত রাখার চেষ্টা করেন। কয়েকবার তারা গহনা ওয়াসের জন্য বাইরে পাঠান। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে এক কর্মচারীকে গহনা ওয়াসের নামে বাইরে পাঠিয়ে দোকানে থাকা অন্যজনকে ব্যস্ত রেখে ক্যাশের পাশে থেকে কৌশলে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যান। বিষয়টি বিকেল ৩টার দিকে টের পান দোকানের মালিক। পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ঘটনার সত্যতা পান তিনি।
লক্ষ্মী জুয়েলার্সের স্বত্বাধিকারী অনিন্দ বসাক বলেন, একদল প্রতারক নারী দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যান। যেখানে একশর বেশি ভরি স্বর্ণ ছিল। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। সেগুলো উদ্ধারে প্রশাসনের সহযোগিতা দরকার। এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
জুয়েলার্স ব্যবসায়ী সমিতি রংপুরের সভাপতি এনামুল হক সোহেল বলেন, স্বর্ণের দাম বাড়ার কারণে আমরা অনিরাপদ হয়ে উঠছি স্বর্ণ ব্যবসায়ীরা। আমাদের এই ব্যবসায় নিরাপত্তা দরকার। নিরাপত্তা থাকলে খুব সহজে এরকম ঘটনা ঘটবে না। নগরীতে পর্যাপ্ত সিসি ক্যামেরা দরকার।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয় সেখানে। একজন অফিসার বিষয়টি দেখছেন। নগরীর অন্যান্য সিসি ক্যামেরা চেক করে চোরকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ মে ২০২৫









