শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি অধ্যাপক তৌফিক আলম

বরিশাল, ১৩ মে – চলমান অস্থিরতা ও প্রশাসনিক সংকটের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

মঙ্গলবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

যে শর্তে নিয়োগ

সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে নানা অনিয়ম ও ইউজিসি তদন্ত প্রতিবেদন এবং শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ মে ২০২৫

Back to top button
🌐 Read in Your Language