ক্রিকেট

এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার তাইজুল

ঢাকা, ২৮ এপ্রিল – জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে উজ্জ্বল তাইজুল ইসলাম। টাইগার এই স্পিনার জিম্বাবুয়ের ৫ ব্যাটারকে আউট করেছেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, বর্তমান বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার তাইজুল।

তামিম সেখানে লিখেছেন, ‘এ মুহূর্তে সে (তাইজুল) বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। এখনকার অন্যান্য বোলারের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথা বুঝতে পারবেন। আরও একবার পাঁচ উইকেট, দারুণ করেছো তাইজুল।’

পরে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা তাইজুলের কাছে প্রশ্ন করা হয়, তিনি নিজেকে আন্ডাররেটেড ভাবেন কি না? প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘হ্যাঁ, আমার কাছে এটা মনে হয়। কারণটা আপনারা হয়ত ভালো জানেন।’

চট্টগ্রামের উইকেট প্রসঙ্গে তাইজুল বলেন, ‘উইকেটের আচরণের সাথে পুরোনো বল কী হবে, নতুন বল কী হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। (সিলেটে হারার পর এখানে ভিন্ন উইকেট কি না) এ সম্পর্কে আমি কিছু জানি না, হারার পর এখানে এরকম হয়েছে কি না।’

‘আসলে আমার কাছে মনে হয় আমরা যে ভালো বল করছি এই ক্রেডিটটা আমাদের দিতে চাচ্ছেন না। ওরা কিন্তু জুটি করেছিল। আমরা কিন্তু কামব্যাক করেছি। খারাপ করলে তো আর কামব্যাক হত না। আলহামদুলিল্লাহ, যে আমরা ভালো করেই কামব্যাক করেছি।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language