মিডিয়া

সমকালের উপদেষ্টা সম্পাদক হলেন আবু সাঈদ খান

ঢাকা, ৩০ জানুয়ারি – আবু সাঈদ খান সমকালের উপদেষ্টা সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই পত্রিকায় উপসম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। গত ২৮ জানুয়ারি সমকালের প্রকাশক এ. কে. আজাদ তার পদোন্নতিপত্রে স্বাক্ষর করেন।

সমকাল প্রতিষ্ঠার শুরু থেকে আবু সাঈদ খান সহকারী সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক ও উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে এ ছাড়া তিনি দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদে সম্পাদক ছিলেন। তিনি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধকালে আবু সাঈদ খান মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘উত্তাল পদ্মা’ সম্পাদনা করেন। তার বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ফিরে দেখা একাত্তর, মুক্তিযুদ্ধে ফরিদপুর, বিকল্প চিন্তা বিকল্প রাজনীতি, উপেক্ষিত মুক্তিযুদ্ধ উপেক্ষিত জনগণ, ভাষার লড়াই, স্লোগানে স্লোগানে রাজনীতি, জাপানদর্শন, প্রশ্নবিদ্ধ রাজনীতি ও সমকালীন সমাজ, বোবা পাহাড়ের কান্না ও অন্যান্য। তিনি নিজ গ্রামে ‘বিভাগদী রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়’ প্রতিষ্ঠা করেছেন।

সূত্র : সমকাল
এন এ/ ৩০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language