জাতীয়

সচিবদের মধ্যে প্রথম সস্ত্রীক টিকা নিলেন খাজা মিয়া

ঢাকা, ২৮ জানুয়ারি – সরকারের সচিবদের মধ্যে প্রথম করোনাভাইরাসের টিকা নিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া ও তার সহধর্মিনী অতিরিক্ত সচিব খালেদা আক্তার।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থাপিত টিকা কেন্দ্রে ভ্যাকসিন নেন তারা। তথ্য ও জনসংযোগ পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ ভ্যাকসিন দেয়ার মাধ্যমে দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে মোট ২৬ জনকে টিকা দেয়া হয়।

এরপর আজ বৃহস্পতিবার সকালের দিকে দেশের প্রথম আইনপ্রণেতা হিসেবে করোনার টিকা নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনিও বিএসএমএমইউ’র টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর মতাদর্শ সারা পৃথিবীর জন্যই প্রাসঙ্গিক: অমর্ত্য সেন

পরে তিনি সাংবাদিকদের বলেন, একটা শ্রেণি টিকা নিয়ে অপপ্রচার করছে। আমি টিকার নেয়ার পরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি। কোনো সমস্যা হচ্ছে না।

বিশ্বের অন্যসব দেশের মত বাংলাদেশের মানুষও এই মহামারির মধ্যে করোনাভাইরাসের টিকার অপেক্ষায় ছিল। কিন্তু ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেশে আসার আগে আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। নেতিবাচক কিছু রাজনৈতিক প্রচারও তার সঙ্গে যুক্ত হয়।

সেই প্রসঙ্গ টেনে পলক বলেন, অনেকের ভেতরে যে প্রশ্ন ছিল রাজনীতিবিদরা কেন টিকা নিচ্ছে না, সেই জায়গা থেকেই গতকাল আমি সিদ্ধান্ত নিয়েছি টিকা নেব।

গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language