গাজীপুর

অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ

গাজীপুর, ২২ মার্চ – অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ফলে এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শনিবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে জায়ান্ট নীট ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সকাল ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, কারখানা কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮টার দিকে ওই কারখানার শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হলে চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশ কিছু ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। জায়ান্ট ফ্যাক্টরির শ্রমিকরা চান্দনা চৌরাস্তার বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রাখেন।

এর আগে ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়া ও ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। এ ছাড়া শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের চারজন কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় যৌথবাহিনী চারজন শ্রমিককে আটক করে পরবর্তীতে ছেড়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় আশপাশের ৮-১০টি কারখানা ছুটি (আজকের জন্য) ঘোষণা করেছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language