বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার

 

বান্দরবান, ০৭ ফেব্রুয়ারি – মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে সরকার স্থলবন্দর করার চিন্তা করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ড. এম সাখাওয়াত বলেন, ‘পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সঙ্গে বাণিজ্য বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম এলাকায় নতুন একটি স্থলবন্দর করা যায় কি-না, তা চিন্তা-ভাবনা করছে সরকার। পার্বত্য এলাকার বিরাজমান পরিস্থিতি সমাধানে আলোচনার মাধ্যমে চেষ্টা করতে হবে।’

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘এখানে হঠাৎ করে সন্ত্রাসী তৎপরতার বিষয়গুলো সবাইকে ব্যথিত করেছে। যারা সন্ত্রাস করছে তারা না বুঝে করছে। এতে করে কোনো ফল হবে না। এখন উচিত হবে সবাই মিলে একসঙ্গে বসে সমস্যার সমাধান করা। তবে পার্বত্য এলাকায় শান্তি-সম্প্রীতি ফিরিয়ে আনতে অভিজ্ঞ মানুষের প্রয়োজন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজওয়ান, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসম আশরাফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার প্রমুখ।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৭ ফেব্রুয়ারি ২০২৫

 

 


Back to top button
🌐 Read in Your Language