ইসলাম

ইসলামে পুরুষদের জন্য যে ২ কাজে নিষেধ রয়েছে

ইসলামের প্রতিটি নির্দেশনা দুনিয়া ও আখেরাতের কল্যাণেই হয়ে থাকে। ইসলামে পোশাক ও অলংকার পরার ক্ষেত্রে নারীদের কোনো বিধিনিষেধ না থাকলেও পুরুষের রয়েছে। স্বর্ণ ও রেশমি বা সিল্কের পোশাক পরা পুরুষের জন্য নিষেধ।

আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘হে নবি আপনি তাদের বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)

আল্লাহ আরও বলেন, হে আদম সন্তান! আমি পোশাক-পরিচ্ছদ দিয়েছি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য এবং শোভা বর্ধনের জন্য। আর তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। এটি আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে একটি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। (সুরা আল-আ’রাফ, আয়াত: ২৬)

পুরুষদের রেশমি বা সিল্কের কাপড় পরিধানে নিষেধ রয়েছে। উকবা ইবনু আমির (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি রেশমি জুব্বা হাদিয়া হিসাবে দেওয়া হয়েছিল। তিনি তা পরিধান করে সালাত (নামাজ) আদায় করলেন। কিন্তু সালাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত তা খুলে ফেললেন, যেন তিনি তা পরা অপছন্দ করছিলেন। তারপর রাসুল (সা.) বললেন, মুত্তাকীদের জন্য এই পোশাক সমীচীন নয়। (সহিহ বুখারি, হাদিস: ৩৬৮)

অন্য হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনু যুবায়র (রা.) সূত্রে বর্ণিত, তিনি আলী ইবনু আবু তালিবকে (রা.) বলতে শুনেছেন, একবার রাসুল (সা.) ডান হাতে রেশম এবং বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, এ দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। (ইবনু মাজাহ, হাদিস: ৩৫৯৭, আবু দাউদ, হাদিস: ৪০৫৭)

আইএ


Back to top button
🌐 Read in Your Language