জাতীয়

জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা বিশ্বব্যবস্থায় স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

ঢাকা, ২০ মে – জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন যে পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতা ব্যতিরেকে নিরাপত্তা কখনই বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখতে পারে না। প্রযুক্তির দ্রুত বিস্তারের এই সময়ে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

স্পিকারের মতে, এটি একদিকে যেমন জাতির ভবিষ্যৎ বিনির্মাণে দায়িত্বশীলতার পরিচয় দেবে, অন্যদিকে জনগণের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে।

বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

আয়োজনে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা পুনর্নির্ধারণ, আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, অভিবাসন সমস্যা এবং অপতথ্য প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন যে নিরাপত্তা কেবলমাত্র অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভরশীল নয়। বরং এটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে।

সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলংকার সুভাষিণী আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গবেষকরা উপস্থিত ছিলেন।

এনএন/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language