শিক্ষা

এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন মন্ত্রী

ঢাকা, ২৫ জুলাই – পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, এ ব্যাপারে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আমরা তারপর সিদ্ধান্ত নেব।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সোশ্যালে বিচারকের মানহানি করায় লাখ টাকা জরিমানাসোশ্যালে বিচারকের মানহানি করায় লাখ টাকা জরিমানা
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সবাই কাজ করছেন। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাসহ সব পরীক্ষা দ্রুততম সময়ে কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি।

মন্ত্রী বলেন, সবগুলো শিক্ষাবোর্ডের সাথে আলোচনা করে স্থগিত পরীক্ষাগুলোর রুটিন পুনর্বিন্যাস করা হবে। এসময় অভিভাবক ও শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

হাসপাতালে এসেই প্রথমে পুরাতন ভবনে কেবিনে ভর্তি থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি। ওয়ার্ডে ভর্তি রোগীদেরও খোঁজ নেন মন্ত্রী। তিনি সাংবাদিকদের বলেন, আহত শিক্ষার্থীসহ ভর্তি রোগীদের দেখেছি। আমরা প্রথমেই গুরুত্ব দিচ্ছি, সবার চিকিৎসা যেন নিশ্চিত হয়। সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের সবাই কাজ করছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৫ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language