নোয়াখালী

আমাকে জাতীয়ভাবে ‘পাগল’ বলা হয়: কাদের মির্জা

নোয়াখালী, ১০ জানুয়ারি- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে জাতীয়ভাবে ‘পাগল’ মনে করা হয় বলে নিজেই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করি, তখন জাতীয়ভাবে আমাকে বলা হয় আমি নাকি পাগল, উন্মাদ।’

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনী পথসভায় আবদুল কাদের মির্জা এসব কথা বলেন। তিনি বলেন, ‘এ বিচারটা আপনাদের কাছে দিলাম। ১৬ তারিখ (বসুরহাট পৌরসভা নির্বাচন) আমি পাগল নাকি, তা প্রমাণ করে দেব।’

আবদুল কাদের মির্জা বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা মানুষের ভাতের অধিকার দিয়েছেন। এখন শেখ হাসিনাকে মানুষের ভোটের অধিকারের জন্য কাজ করতে হবে। আমরা তাকে সহযোগিতা করব। রাতারাতি এটা করা সম্ভব নয়। পয়সা দিয়ে যারা এমপি মনোনয়ন নেন, তারা জীবনে নিজ এলাকায় গিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ান না। তারা ভোট এলে প্রার্থী হয়ে ভোট চুরি করার জন্য দৈহিক শক্তি ব্যবহার করে মস্তান পালেন। শেখ হাসিনা কখন এদের পাহারা দেবেন। এর মধ্যেও অনেক জায়গায় ভালো ভোট হয়। যেমন রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকায় ভালো ভোট হয়। তিনি বারবার নির্বাচিত হয়েছেন।’

আরও পড়ুন : খুন হওয়ার আশঙ্কায় নিজের কবর ঠিক করলেন কাদের মির্জা

তিনি বলেন, ‘আমি আমেরিকায় চিকিৎসা শেষে বাংলাদেশে এসে কিছুদিন আগে ঘোষণা দিয়েছি- আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো, আমি সাহস করে সত্য কথা বলবো। সে প্রতিশ্রুতি নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখানকার দল আমাকে সহযোগিতা করছে। আমি অন্যদের এবং প্রশাসন থেকেও কোনো সহযোগিতা পাচ্ছি না। এ নির্বাচনকে আমি অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ সৃষ্টি ও জনপ্রতিরোধ গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন করছি। ’

‘আমি অন্যায়, অপরাজনীতির বিরুদ্ধে, নোয়াখালীর ত্যাগী নেতা ও কবিরহাটে আমাদের নিরীহ নেতাকর্মীদের কথা বলি; কোম্পানীগঞ্জের অসহায় ছেলেমেয়েদের চাকরি, এই এলাকার গ্যাসের কথা বলি। যে আমাকে পাগল বলেছেন, গোপালগঞ্জের ৯৯ ভাগ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা থেকে এমপি হয়েছেন। আগে মন্ত্রী ছিলেন, এখন নেই। উনার সম্পর্কে সবাই জানেন কী কী অনিয়ম করেছেন। অনিয়ম না করলে তাকে মন্ত্রী বানানো হয়নি কেন? তিনি আবার আমাকে বলেন পাগল-উন্মাদ’, যোগ করেন তিনি।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/১০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language