হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি: চার পুলিশসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা, ০৮ জানুয়ারি- হত্যার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানার চার পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালতে মো. আলম হাওলাদার নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার এসআই মো. আক্তার, এসআই আব্বাস উদ্দিন, এএসআই ওলিউল ইসলাম, কনস্টেবল মো. রিয়াজুল এবং আয়েশা আক্তার বেলি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ‘১২ ডিসেম্বর রাত ১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা আলম হাওলাদারের বাসার গেটে ধাক্কা দেয় ও লাথি মারে। এ সময় আলম হাওলাদারের স্ত্রী রেশমা বেগম ঘরের ভেতর থেকে এসে আসামিদের পরিচয় জানতে চাইলে, তারা আইনের লোক বলে জানান। এ কথা শুনে রেশমা ঘরের দরজা খুলে দেয়ার পর আসামিরা তাকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেয়। এরপর আসামিরা আলম হাওলাদারকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে ঘরের মালামাল তছনছ করে এবং এসআই আক্তার ওয়্যারড্রব খুলে জমি বিক্রির দুই লাখ টাকা পকেটে ভরে নেন।’
আরও পড়ুন : খিলগাঁওয়ে ৮৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেফতার ৫
অভিযোগে আরও বলা হয়, ‘রেশমা এর প্রতিবাদ করলে এসআই আক্তার রেশমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এএসআই ওলিউল ইসলাম রেশমার হাত ধরে টানাহেঁচড়া করে এবং এসআই আব্বাস গালাগালি করে। এরপর রেশমার মোবাইল ফোন দিয়ে এসআই আক্তার রেশমার স্বামী আলম হাওলাদারকে ফোন দেন। তখন আলম হাওলাদার পরিচয় এবং কোন থানা এসেছে জানতে চাইলে, এসআই আক্তার বলেন, তোকে পেলে দেখাতাম আমরা কোন থানা থেকে এসেছি। ঢাকায় ফিরে এসে ৫ লাখ টাকা দিবি, আর যদি না দিস তাহলে তোকে ক্রসফায়ার দিয়ে নদীতে ফেলে দেব।’
বাসায় এসে আলম সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারেন, আসামিদের চারজন যাত্রাবাড়ী থানার পুলিশ এবং আয়েশা তাঁর ভাবি। এখনো আসামিরা বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দিয়ে টাকা দাবি করছেন বলে অভিযোগে বলা হয়েছে।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/৮ জানুয়ারি









