সৌদির পর কাতারের সাথে মিশরের চুক্তি স্বাক্ষর

রিয়াদ, ০৭ জানুয়ারি- সৌদি আরবের পর কাতারের সাথে পুনর্মিলন চুক্তি স্বাক্ষর করেছে মিশর। মঙ্গলবার উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) ৪১তম বার্ষিক সম্মেলনে এ চুক্তি স্বাক্ষর হয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, চুক্তিটি আঞ্চলিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় আরবকে একীভূত করবে। আরব ও কাতারের মধ্যে পুনর্মিলনের জন্য বিশেষত কুয়েতের প্রচেষ্টার প্রশংসা করছে দেশটি। মিসর ‘আরবের চার দেশ ও কাতারের মধ্যে পুনর্মিলনের সব আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করছে’।
সৌদি আরবের উত্তরপশ্চিমাঞ্চলীয় আল-উলা শহরে মঙ্গলবার জিসিসির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে তিন বছর পর মঙ্গলবার জিসিসির বার্ষিক সম্মেলনে যোগ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সৌদি আরবে পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
আরো পড়ুন: সৌদি, আমিরাত নাকি কাতার – মাথা কে নোয়ালো?
সম্মেলনে ‘সংহতি ও স্থিতিশীলতা’ চুক্তি স্বাক্ষরের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব ও তার তিন আরব মিত্র কাতারের সাথে সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারে সম্মত হয়েছে।
এ বিষয়ে জিসিসির মহাসচিব নায়েফ ফালাহ আল-হাজরাফ বলেন, পঞ্চম দশকে প্রবেশ করে ৪১তম সম্মেলনে জিসিসি নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছে।
সন্ত্রাসবাদে সহযোগিতা ও ইরানের সাথে ঘনিষ্ট মিত্রতার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত জোট কাতারের উপর কূটনীতিক, বাণিজ্যিক ও ভ্রমণের অবরোধ আরোপ করেছিল। যদিও শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।
সূত্র: আমাদের সময়
আর/০৮:১৪/৭ জানুয়ারি









