ওয়ানডে দলে যে কারণে শরিফুল-ইমন সুযোগ পেলেন

ঢাকা, ৪ জানুয়ারি- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ উপলক্ষে আজ ঘোষিত দলে সবচেয়ে আলোচিত বিষয়টা ছিল ওয়ানডে থেকে মাশরাফি বিন মুর্তজার বাদ পড়া। পাশাপাশি আরেকটি ইন্টারেস্টিং বিষয় ছিল দুই তরুণ শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনের সুযোগ পাওয়া। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ১৮ বছর বয়সী পারভেজ। অন্যদিকে বল হাতে ১৬ উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার শরিফুল।
দল ঘোষণার সময় এই দুজনকে নিয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘ইমন আমার দেখা রোমাঞ্চকর প্রতিভা। ওকে আমরা সুযোগ দিচ্ছি যাতে আরও দ্রুত প্রস্তুত করা যায়। ভবিষ্যতে যেন ওকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব ১৪ ও ১৬ জানুয়ারি, সেখানেও আমাদের দল গঠন করতে হবে। এই ছেলেদের আমরা সুযোগ দিচ্ছি যাতে এদের সাথে খেলে ওরা নিজেদের প্রস্তুত করতে পারে। শরিফুল বেশ কবছর ধরে ভালো খেলছে। এমনকি সে কিন্তু আমাদের ‘এ’ দলেও খেলে এসেছে।’
আরও পড়ুন : বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন সৌরভ
গত বছর যুব বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই দুই তরুণ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই দুজনের বিষয়ে বলেন, ‘এইচপিতে যে খেলোয়াড়রা আছে, ওদেরকে আমরা যে জায়গায় চিন্তা-ভাবনা করছিলাম লাল বল, সাদা বলে আলাদা ভাবে গড়ে তোলার জন্য, ঠিক ওভাবেই কিন্তু আমরা গড়ে তুলছি। কিছু খেলোয়াড় যথেষ্ট নজর কেড়েছে। আমার বিশ্বাস, এই পাইপলাইন থেকে আমরা ভালো কিছু খেলোয়াড় পাব। সামনে আয়ারল্যান্ড আসছে। আয়ারল্যান্ড ‘এ’ দল, এইচপি দলের খেলা হবে। আশা করি, তখন কিছু খেলোয়াড়কে লাল বল, সাদা বলে আলাদা ভাবে তৈরি করব।’
সূত্র: কালের কন্ঠ
আর/০৮:১৪/৪ জানুয়ারি









