২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা সনদ পাবেন ফেব্রুয়ারিতেই

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মূল সনদ বিতরণ শুরু হবে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ৬ জুন পর্যন্ত। সকাল ১০টা থেকে শুরু করে বেলা সাড়ে ৩টার মধ্যে সনদ সংগ্রহ করতে বলা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ওই বছরের এইচএসসি উত্তীর্ণ প্রার্থীদের মূল সনদ বিতরণ করা হবে। কলেজের অধ্যক্ষ বা প্রতিনিধিরা বোর্ড থেকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সনদ তুলতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় সনদ বিতরণের প্রথম দিন ২৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ ও মানিকগঞ্জের কলেজগুলোর সনদ বিতরণ করা হবে।
২৮ ফেব্রুয়ারি গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি মাদারীপুর ও ফরিদপুর, ৩ মার্চ রাজবাড়ী, শরীয়তপুর ও নরসিংদী, ৪ মার্চ মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল, ৫ মার্চ ঢাকা ও গাজীপুর এবং ৬ মার্চ ঢাকা মহানগরের কলেজগুলোর শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ করা হবে।
সূত্র: বাংলাদেশ জর্নাল
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৪







