
সিলেট, ১০ ফেব্রুয়ারি – সংরক্ষিত মহিলা আসনে দেশের আট বিভাগের প্রার্থীদের মনোনয়ন আগামী ১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করবে আওয়ামী লীগ। সিলেট বিভাগে এমপি হতে অন্তত ৬০ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। মনোনয়ন পেতে এরই মধ্যে তারা সিলেটে ফিরে দলের শীর্ষ নেতা ও স্থানীয় প্রভাবশালী এমপিদের সুপারিশ আদায়ের চেষ্টা করছেন বলে জানা গেছে। যদিও দলীয় সভাপতি শেখ হাসিনার ওপর নির্ভর করছে কারা মহিলা এমপি হবেন– সে বিষয়টি।
সিলেটে এবারই প্রথম বিপুল সংখ্যক নেত্রী সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে মনোনয়ন দাখিল করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন প্রায় ১৫ জন। এবার বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে বেশ কিছু নতুন মুখ রয়েছে। দলীয় সূত্র জানায়, বিভাগের চারটি জেলার মধ্যে সংসদ নির্বাচনে সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম ও মৌলভীবাজার থেকে জোহরা আলাউদ্দিনকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। ফলে সংরক্ষিত মহিলা আসনে এবার সিলেট ও হবিগঞ্জ জেলা থেকে দু’জনকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চার জেলার মধ্যে সিলেট থেকে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন– জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনিন হোসেন, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য সাবিনা সুলতানাসহ আরও কয়েকজন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা থেকে মনোনয়ন চান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২১ থেকে নির্বাচিত এমপি শামীমা আক্তার খানম, জেলা মহিলা লীগ সভাপতি শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, সাধারণ সম্পাদক ও উইমেন্স চেম্বারের সভাপতি হুসনা হুদা, মরহুম আব্দুস সামাদ আজাদের পুত্রবধূ মুমতাহিনা রিতু। মৌলভীবাজার থেকে মনোনয়ন চান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩৬ থেকে নির্বাচিত এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, যুবলীগের কেন্দ্রীয় নেত্রী সৈয়দা সানজিদা মহসীন, কৃষিমন্ত্রী আব্দুস শহীদের মেয়ে উম্মে ফারজানা ডায়না। হবিগঞ্জ জেলা থেকে মনোনয়ন চান সাবেক এমপি দম্পতি ইসমত আহমেদ চৌধুরী ও আবেদা চৌধুরীর মেয়ে ডা. নাজরা চৌধুরী।
জানা গেছে, সিলেট-১ আসনের এমপি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, সিলেট-২ আসনের এমপি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৬ আসনের এমপি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদের কাছে অনেক মনোনয়নপ্রত্যাশী এখন প্রতিদিন ধরনা দিচ্ছেন। পাশাপাশি তারা কেন্দ্রীয় নেতাদের কাছেও যাচ্ছেন। সুনামগঞ্জের নেত্রীরা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ জেলার প্রভাবশালী এমপিদের কাছে তদবির করছেন।
মৌলভীবাজারের প্রভাশালী এমপিদের মধ্যে আছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শাহাব উদ্দিন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। হবিগঞ্জের প্রভাবশালী এমপি হলেন আবু জাহিদ। উভয় জেলার নেত্রীরাই মনোনয়ন পেতে সুপারিশের জন্য তাদের সহযোগিতা চাচ্ছেন। সিলেটের এক প্রার্থী জানান, তিনি একজন এমপির কাছে অনুরোধ করেছেন তাঁর বিষয়ে হাইকমান্ডের সঙ্গে কথা বলতে। তবে কতটুকু তিনি বলবেন, সে বিষয়ে নিশ্চয়তা দেননি।
এ বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, দলের নেত্রীরা অনেকেই সুপারিশ আদায়ের চেষ্টা করছেন। তবে সবকিছুর ওপর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত। তিনি যাঁকে ভালো মনে করবেন, তাঁকেই মনোনয়ন দেবেন।
সূত্র: সমকাল
আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৪









