সিলেট

সিলেট ৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

সিলেট, ১৩ জুন – সিলেট ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবীণ আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর সংবাদে কানাইঘাট ও জকিগঞ্জসহ পুরো সিলেট অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে,

মরহুমের জানাজার নামাজ আজ শনিবার বিকেল ৪টায় কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী কানাইঘাটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আবদুল হক চৌধুরী ছিলেন এ অঞ্চলের এক প্রখ্যাত আলেম।

ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি এলাকার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনীতির পাশাপাশি তিনি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ছিলেন। শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, আল আমীন জামেয়া উচ্চ বিদ্যালয় এবং জালালাবাদ কলেজের মতো প্রথিতব্যশা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

এস এম/ ১৩ জুন ২০২৬

Back to top button
🌐 Read in Your Language