সিলেট

বিশ্বনাথে নিষিদ্ধ কারেন্ট জালে অবাধে পোনা মাছ নিধন, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

সিলেট, ৮ জুন – সিলেটের বিশ্বনাথে সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনের নজরদারি উপেক্ষা করে অবাধে চলছে রেণু ও পোনা মাছ নিধন। উপজেলার বিভিন্ন নদ নদী, খাল বিল ও জলাশয়ে প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি ও ব্যবসায়ী প্রকাশ্যে এই বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

প্রতিদিন পৌর শহরের মাছ বাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে পোনা মাছ বিক্রি হচ্ছে। এমনকি জনবহুল স্থানে রাস্তার পাশেও প্রকাশ্যে এসব মাছ বিক্রি করতে দেখা গেছে। এতে মাছের বংশ বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে,

নতুন পানিতে খাল বিল ও নদী নালায় হরেক প্রজাতির মাছ বেড়ে উঠলে এক শ্রেণির মৎস্য শিকারি নিষিদ্ধ চায়না দুয়ারি, কারেন্ট জাল ও সুতি জাল দিয়ে পোনা ধরে আনছেন। হাটবাজারে চড়া দামে এসব পোনা বিক্রি হচ্ছে। ওজন ভেদে এগুলো পাঁচশত থেকে এক হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ,

প্রশাসনের নাকের ডগায় পোনা বিক্রি ও নিষিদ্ধ জালের বাণিজ্য চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরেজমিন উপজেলার হাটবাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা কাতলা, মৃগেল, কালিবাউস, পাবদা, আইড়সহ দেশীয় প্রজাতির পোনা মাছের পসরা সাজিয়ে বসেছেন।

বিক্রেতাদের দাবি,

বাজারে পোনা মাছের ভালো চাহিদা ও দাম থাকায় জীবিকার তাগিদে তারা এই কাজ করছেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর জানান, প্রজনন মৌসুমে পোনা ও মা মাছ নিধন দণ্ডনীয় অপরাধ।

তিনি বলেন,

অবাধ প্রজনন নিশ্চিত করতে এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language