মির্জা ফখরুলের জামিন শুনানি মঙ্গলবার

ঢাকা, ০৮ জানুয়ারি – এজাহারনামীয় আসামি হলেও গ্রেপ্তার না দেখানো ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য মঙ্গলবার (৯ জানুয়ারি) দিন ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুর ১২টার দিকে এ শুনানি হবে। গত ৩১ ডিসেম্বর আদালত শুনানির জন্য এ তারিখ ধার্য করেন।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।
পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর রাতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ জানুয়ারি ২০২৪









