ঢালিউড

মাহির নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ঢাকা, ০১ জানুয়ারি – রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টায় গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেন মাহির মামাতো ভাই জাহিদুল ইসলাম। মামলার আসামিরা সবাই নৌকার প্রার্থীর সমর্থক।

মামলায় গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন সোহেলকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- মো. রিজওয়ান, রতন আলী, সালমান ফিরোজ ফয়সাল ও মামুনুর রশীদ ওরফে বাবু। এছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজনকে মামলায় আসামি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেয়ার অভিযোগে মাহিয়া মাহির পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আসামিরা এ ঘটনার সঙ্গে জড়িত, এমন প্রমাণ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে।

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে ভোট করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী।

আইএ/ ০১ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language