ইউরোপ

ইউক্রেনে আরও ৩ হাজার চেচেন সেনা পাঠানোর ঘোষণা কাদিরভের

মস্কো, ২৮ নভেম্বর – রাশিয়ার কাস্পিয়ান অঞ্চলের প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে নতুন আরও ৩ হাজার যোদ্ধা পাঠানোর ঘোষণা দিয়েছেন ।

সোমবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই ঘোষণা দিয়েছেন চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ।

তিনি বলেন, ‘এই যোদ্ধাদের সবাই অত্যন্ত লড়াকু মানসিকতার লক্ষ্য অর্জনের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেকেই সেরা সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ইউক্রেনে গঠিত নতুন ইউনিটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ান ন্যাশনাল গার্ড ফোর্সের অধীনে তারা যুদ্ধ করবে।’

গত মে মাসে এক ঘোষণায় ‘পুতিনের পদাতিক’ নামে পরিচিত কাদিরভ বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনীতে মোট ২৬ হাজার চেচেন সেনা পাঠানো হয়েছে। এই সেনাদের মধ্যে প্রশিক্ষিত সেনা সদস্যদের সংখ্যা ১৪ হাজার এবং স্বেচ্ছাসেবী সেনা রয়েছেন ১২ হাজার।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রমজান কাদিরভের নির্দেশে যেমন হাজার হাজার চেচেন যোদ্ধা যোদ দিয়েছেন রুশ বাহিনীর পক্ষে, তেমনি কাদিরভ বিরোধী বিভিন্ন সশস্ত্র চেচেন গোষ্ঠী ইউক্রেনীয় বাহিনীর পক্ষে লড়াইয়ে নেমেছে।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে চেচেন প্রজাতন্ত্রের নেতা কাদিরভ। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের সময় থেকেই তিনি ক্রেমলিনের একজন ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক যুদ্ধের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে কাদিরভ বিরোধী বিভিন্ন সশস্ত্র চেচেন গোষ্ঠী ইউক্রেনীয় বাহিনীর পক্ষে লড়াইয়ে নেমেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language