ক্রিকেট

পাকিস্তানের নতুন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা

ইসলামবাদ, ১৫ নভেম্বর – ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তান দলের তিন সংস্করণেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। বাবরের দায়িত্ব ছাড়ার কয়েকঘণ্টা পরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বুধবার (১৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পিসিবি। দেশটির টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। আর টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। তবে ওয়ানডে দলের দায়িত্বে কে থাকছেন তা এখনও জানায়নি তারা।

এদিকে আগামী মাসেই অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান দল। এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ থাকলেও নেই কোনও ওয়ানডে। ফলে আপাতত টেস্ট ও টি-টোয়েন্টির জন্য অধিনায়ক নির্বাচন করেছে পিসিবি। ওয়ানডেতে অধিনায়ক কে হবেন, তা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তারা।

সাদা পোশাকের নেতৃত্বে মাসুদের ওপর আস্থা রেখেছে পিসিবি। লম্বা সময় ধরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। প্রায় এক দশকের সাদা পোশাকের ক্যারিয়ারে তিনি খেলেছেন ৩০ টেস্ট। যেখানে প্রায় ২৯ গড়ে করেছেন ১৫৯৭ রান।

অন্যদিকে টি-টোয়েন্টিতে আফ্রিদিতেই আস্থা পিসিবির। প্রায় ৫ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে প্রায় ২৩ গড়ে উইকেট শিকার করেছেন ৬৩টি। গত কয়েক বছর ধরেই পেস বিভাগের সবচেয়ে বড় অস্ত্র এই পেসার।

তিন ফরম্যাটে তিন অধিনায়কের থিওরিতে যাবে কিনা পিসিবি, সেটা এখনই নিশ্চিত নয়। যদি এমনটা না হয়, তাহলে সাদা বলের দুই ফরম্যাটেই নেতা হিসেবে দেখা যেতে পারে আফ্রিদিকে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৫ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language