মধ্যপ্রাচ্য

গাজায় আরেক হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা হামলা

জেরুজালেম, ১৯ অক্টোবর – ইসরায়েলের বিমান বাহিনী ফিলিস্তিনের গাজায় আরও একটি হাসপাতালের পাশে বোমা হামলা চালিয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা (পিআরসিএস)।

এক্স–এ (আগের নাম টুইটার) হামলার একটি ভিডিও চিত্র যুক্ত করে দেওয়া পোস্টে পিআরসিএস বলেছে, গাজা শহরের তাল আল–হাওয়া নামক এলাকায় আল–কুদস হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চলছে। হামলায় হাসপাতালটির ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পোস্টে জানানো হয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় গৃহহীন হওয়া গজার আট হাজারেরও বেশি ফিলিস্তিনিও ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন। সেইসঙ্গে রোগীও রয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৪৭১ জন নিহত হন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হন অন্তত ৩১৪ জন।

এর আগে আল-কুদস হাসপাতাল নিশানা করে হামলা চালায় ইসরায়েল। ২০০৯ সালে গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি হামলায় হাসপাতালটির ভবন ধসে পড়েছিল।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৯ অক্টোবর ২০২৩

 


Back to top button
🌐 Read in Your Language