সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ২ জনের

ঢাকা, ২৩ এপ্রিল – চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার প্রকাশিত হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ২২ হাজার ৫২৬ জন। হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৪টি, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৬ হাজার ৮৬৫ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
বুলেটিনে আরও উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে গত বুধবার মক্কায় একজনের মৃত্যু হয়। সরকারি হিসাব অনুসারে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যাচ্ছেন।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬








