বহু সংখ্যক ইসরায়েলি সেনা বন্দী

গাজা, ০৮ অক্টোবর – বিশাল সংখ্যক ইসরায়েলি সেনাকে বন্দীর দাবি করেছে হামাস। তবে এই সংখ্যা কত তা জানায়নি ফিলিস্তিনের এ গোষ্ঠী।
এদিকে সেনা ও বেসামরিক লোক হামাসের হাতে জিম্মির কথা স্বীকার করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তাদের গাজায় জিম্মি করে রাখা হয়েছে।
আইডিএফ-ও কতজন সেনা ও বেসামরিক লোককে জিম্মি করা হয়েছে তা নিয়ে মন্তব্য করেনি।
এদিকে গাজা থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২০০ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলের কর্তৃপক্ষ তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে এক হাজার ৬৯৭ জন।
গতকাল শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। হামাসের দাবি, তারা ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে।
তবে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাস ইসরায়েলে আড়াই হাজার রকেট ছুড়েছে। এরপরেই প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা যুদ্ধের মধ্যে আছি, এটা কোন অভিযান নয়, কোন উত্তেজনা নয়, এটা যুদ্ধ।
সূত্র: আমাদের সময়
এম ইউ/০৮ অক্টোবর ২০২৩









