ক্রিকেট

প্রকাশ পেল বিশ্বকাপের মাসকট

নয়াদিল্লি, ২০ আগস্ট – ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের মাসকট প্রকাশ করে ক্রিকেটভক্তদের উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করেছে আর্ন্তজাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এদিকে মাসকট প্রকাশিত হলেও এখনও সেটির নাম ঠিক করা হয়নি।

শনিবার (১৯ আগস্ট) ভারতের গুরুগ্রামে একটি অনুষ্ঠানে ওয়ানডে বিশ্বকাপের মাসকট উন্মোচন করা হয়। তবে অন্যবারের তুলনায় এবারের মাসকটে রাখা হয়েছে ব্যতিক্রম আয়োজন। লিঙ্গ সমতার জন্য ছেলে এবং মেয়ে দুটি মাসকট উন্মোচন করা হয়েছে এবারের বিশ্বকাপের জন্য।

বিশ্বকাপের আগে মাসকট উন্মোচন করা হলেও তার নাম দেয়নি আইসিসি। এজন্য দর্শকদের ওপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। দর্শকরা এই মাসকটের নাম পছন্দ করে দিতে পারবেন। সেই সুযোগ থাকবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। মূলত দর্শকদের ভোটের মাধ্যমেই ঠিক করা হবে মাসকটের নাম। ক্রিকেটপ্রেমীরা নাম পছন্দ করে দিতে চাইলে আইসিসির ওয়েবসাইট থেকে ঘুরে আসতে হবে।

মাসকট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দুই অধিনায়ক ইয়াশ ধুল এবং শেফালি ভার্মা। মাসকট নিয়ে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে আমরা এই মাসকট উন্মোচন করতে পেরে আনন্দিত। সমন্বয় এবং আবেগের মূল আধার হিসেবে উন্মোচন করা হয়েছে এবারের মাসকট। এটি সার্বজনীনতাকে নির্দেশ করে। এছাড়া বর্তমান বিশ্বে লিঙ্গ সমতার গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রতিফলন করা হয়েছে মাসকটগুলোতে।

পুরুষ ও মহিলা মাসকটকে আইসিসির পক্ষ থেকে ক্রিকটোভার্স হিসেবে বর্ণনা দেয়া হয়েছে। যার মূল বিষয় দাঁড়ায় লিঙ্গ সমতা বজায় রাখা। নারী মাসকটের মাধ্যমে একজন পেসারের গতি এবং নমনীয়তার সঙ্গে তার প্রতিফলনকে তুলে ধরা হয়েছে। আর পুরুষ মাসকটের মাধ্যমে একজন ব্যাটসম্যানের ফিটনেস ও শক্তিমত্তার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। আর প্রতিটি মাসকটের মধ্যে রয়েছে ক্রিকেটের ছয়টি শক্তি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language